দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতে ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন অভিমুখে আবারও পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার (১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে কেজরিওয়াল এ ঘোষণা দেন।
তিনি জানান, ই-২০ পেট্রোল নীতি প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া একটি অনলাইন আবেদনে ইতোমধ্যে দুই লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় তিনি ওই গণআবেদনের মুদ্রিত কপি প্রধানমন্ত্রীর বাসভবনে জমা দেবেন।
কেজরিওয়াল বলেন, ‘দেশের মানুষকে আমি একটি স্মারকলিপিতে স্বাক্ষরের আহ্বান জানিয়েছিলাম। এতে দুই লাখের বেশি মানুষ সাড়া দিয়েছেন। সেই স্মারকলিপি আমি নিজেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব।’
তিনি আরও বলেন, পদযাত্রায় বড় সমাবেশ হবে না। তার সঙ্গে মাত্র ১০০ জন কর্মী-সমর্থক থাকবেন, যারা প্রয়োজনে পুলিশি বাধা বা গ্রেপ্তারের মুখোমুখি হতেও প্রস্তুত।
ই-২০ জ্বালানির নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন কেজরিওয়াল। তিনি বলেন, সরকার যদি দাবি করে ই-২০ পেট্রোল সম্পূর্ণ নিরাপদ, তাহলে এ বিষয়ে উন্মুক্ত আলোচনায় বসা উচিত। সেখানে উভয় পক্ষই নিজ নিজ তথ্য-প্রমাণ উপস্থাপন করতে পারে।
অন্যদিকে কেজরিওয়ালের অভিযোগ ও কর্মসূচিকে ‘রাজনৈতিক স্টান্ট’ বলে দাবি করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা বলেন, ই-২০ পেট্রোল ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত বা ইঞ্জিন বিকল হয়েছে—এমন অন্তত ১০০টি গাড়ির সুনির্দিষ্ট প্রমাণ কেজরিওয়াল দেখাতে পারবেন কি না, সেটিই আগে স্পষ্ট করা উচিত।
এমএম/